বকা শুনে শিশুর আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরে সাব্বির হোসেন (১১) নামের এক শিশু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বাবা-মা বলছেন, তাদের ওপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে।
আজ রোববার দুপুর একটার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে এ ঘটনা ঘটে।
সাব্বিরের বাবা-মার ভাষ্য, আজ সকাল ১০টার দিকে সাব্বির তার ছোট ভাই তানজীদকে চড় মারে। এ নিয়ে তানজীদ কান্নাকাটি করলে বাবা সাব্বিরকে বকুনি দেন। বকা শুনে বাড়ি থেকে চলে যায় সে। দুপুর একটার দিকে বাড়ি ফিরে ঘরের চালের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে সে আত্মহত্যা করে।
সাব্বিরের মা পোশাককর্মী। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শিশুটির বাবা জুতা ব্যবসায়ী। স্থানীয় লোকজনের কাছ থেকে ছেলের আত্মহত্যার খবর পেয়ে বাবা-মা বাড়ি যান। এরপর তাঁরা সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেন। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসাপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে বলে তিনি জানান।