বকেয়া বিল চাওয়ায় আদায়কারীকে গুলি, কৃষক লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেব্ল টেলিভিশন সংযোগের বিল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আদায়কারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স ম তাজমিনুর রহমান নামের কৃষক লীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের রীমু সরণির সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তাজমিনুর রহমান সদর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও খুলনা থেকে প্রকাশিত দেশ সংযোগ নামের একটি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, সাতটি গুলিসহ অস্ত্রের লাইসেন্স জব্দ করেছে।
তাজমিনুর রহমানের দাবি, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কেব্ল টেলিভিশন সংযোগের বিল আদায়কারী শহরতলির দৌলতপুর গ্রামের আমিনুর রহমান ও রামচন্দ্রপুর গ্রামের আসাদুজ্জামানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা চলে যান। কিছুক্ষণ পর তাঁরাসহ আরও পাঁচ-ছয়জন লাঠি ও রড নিয়ে তাঁর বাড়িতে হামলা করার চেষ্টা করেন। এ সময় তিনি তাঁদের ভয় দেখানোর জন্য একটি ফাঁকা গুলি ছোড়েন।
তবে আমিনুর রহমান জানান, তাজমিনুরের কাছে কয়েক মাসের বিল বকেয়া ছিল। বকেয়া চাইতে গেলে তিনি প্রথমে তাঁদের গালাগাল করেন। পরে দেখে নেওয়ার হুমকি-ধমকি দিয়ে দোতলা থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন।