বকেয়া বিলের দাবিতে সওজের কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া টাকা আদায়ের দাবিতে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন ঠিকাদারেরা। পরে ওই ঠিকাদারেরা আধা ঘণ্টা পর তালা খুলে দেন।
সওজ সূত্রে জানা গেছে, ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া সওজ কার্যালয়ের অধীনে অনেক উন্নয়ন কাজ হয়। সওজ কর্তৃপক্ষ ২০১১-১২ অর্থবছরে ১৫ থেকে ১৬ জন ঠিকাদারের ১ কোটি ৪২ লাখ ও ২০১৩-১৪ অর্থবছরে ১ কোটি ৭ লাখ টাকা বকেয়া পরিশোধ করতে পারেনি। এ বকেয়া বিলের টাকা পাওয়ার দাবিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঠিকাদার খলিলুর রহমান, মোস্তফা কামাল, আতাউর রহমান, ফারুক আহমেদ ও মোক্তার হোসেনের নেতৃত্বে একদল ঠিকাদার সওজের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন। নির্বাহী প্রকৌশলী বেলা একটার দিকে বিরতিতে বাইরে চলে গেলে কয়েকজন ঠিকাদার কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বেলা দেড়টার দিকে ফটকের তালা খুলে দেন ঠিকাদারেরা।
ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদার সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, বকেয়া টাকার বিষয়ে বারবার বলার পরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা সওজের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন। তাঁদের দাবি, নির্বাহী প্রকৌশলী ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ও বকেয়া টাকা দেওয়া হবে এমন আশ্বাস পেয়ে তাঁরা তালা খুলে দেন।