বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ
দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের কাছে ব্যস্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিক–কর্মচারীরা।
স্থানীয় কয়েকজন প্রথম আলোকে জানান, বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর বাসস্টান্ড-সংলগ্ন আল্লাহ করিম মসজিদের পেছনে অবস্থান নিয়ে তৈরি পোশাক কারখানা আজিম গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বেলা আড়াইটা পর্যন্ত এই অবস্থা চলার পর শেরেবাংলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
লিমা আক্তার নামের এক শ্রমিক বলেন, এর আগে মালিকপক্ষ বেতন দেওয়ার দুই দফা তারিখ দিয়েও তা পরিশোধ করেনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, মালিকপক্ষ পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের বকেয়া বেতন দিতে রাজি হওয়ায় শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান।