বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিকেরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন। পরে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার অবস্থিত রপ্তানিমুখী এএসও ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই গার্মেন্টস ভবনের বিভিন্ন জানালার কাচ ভাঙচুর, মেশিন, আসবাব ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সানারপাড় এলাকার রপ্তানিমুখী এএসও ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় সকালে শ্রমিকেরা এসে দেখতে পান, কারখানাটি তালাবদ্ধ। পরে শ্রমিকেরা তাঁদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালান।
শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিচালক পুলিশ সুপার মাহবুব আলম জানান, এএসও ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার ১৮০ জন শ্রমিক কাজ করছেন। বুধবার মালিকপক্ষ শ্রমিকদের চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছে। গতকাল শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে ভাঙচুর চালান। এ সময় তাঁরা কারখানার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকেও ভাঙচুর করেন।