বকেয়া বেতনের দাবিতে কারখানায় ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিকেরা ভাঙচুর করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সিকদার অ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তারাব এলাকায় অবস্থিত ওই পোশাক কারখানায় ছয় শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের গত জুন মাসের বেতন ও উৎসব ভাতা (বোনাস) এবং কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মে-জুন মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল সন্ধ্যায় শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাত আটটার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন দেওয়া শুরু করলে পরিস্থিতি শান্ত হয়।
রূপগঞ্জ থানার মাহমুদুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে রাত নয়টার দিকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু করলে পরিস্থিতি শান্ত হয়।