নোয়াখালীর কবিরহাটের এক ব্যবসায়ীর শিশুপুত্রকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। গতকাল রোববার ভোরে চাঁদপুরের মতলব (উত্তর) থানার একটি বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অপহরণকারী ব্যক্তিদের একজন শিশুটির বাবার দোকানে কাজ করতেন। গত বুধবার সকালে শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির নাম জহির উদ্দিন ওরফে শান্ত।
পুলিশ জানায়, বুধবার সকাল সাতটার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের বাড়ি থেকে পাশের মক্তবে পড়তে যায় শিশুটি। কিন্তু কয়েক ঘণ্টা পরও বাড়ি ফিরে না আসায় আত্মীয়স্বজনেরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। সেদিনই শিশুটির বাবা নূর উদ্দিন এ ঘটনায় কবিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা তিনজন হলেন লিটন হোসেন ওরফে রনি (২৯), তাঁর দুই সহযোগী চাঁদপুরের মতলবের পলাশ চন্দ্র সরকার (২৮) ও কবিরহাট উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের সাইফুল ইসলাম (১৮)। লিটনের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। তিনি কবিরহাট উপজেলার কোম্পানীরহাট বাজারে নূর উদ্দিনের আসবাবের দোকানে কাজ করতেন।
পুলিশ জানায়, অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে মুঠোফোনের অবস্থান শনাক্ত করে চাঁদপুরের মতলব (উত্তর) থানার সুজায়েতপুর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে শিশুটিকে পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের তিন সদস্যকে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজনই অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির বাবার কাছে লিটন মজুরি বাবদ ১০ হাজার টাকা পান বলে দাবি করেছেন। টাকা না পেয়ে অপহরণের পরিকল্পনা করেন বলে তাঁর দাবি। অবশ্য শিশুটির বাবা পুলিশকে বলেছেন অপহরণের ঘটনার বেশ কয়েক দিন আগেই কাজ ছেড়ে দেন লিটন। মজুরি বকেয়া থাকার কথা সত্য নয়।
ওসি বলেন, গ্রেপ্তার করা তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।