বক্তৃতা দিয়ে নাছির চলে যাওয়ার পর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবলীগ কর্মী মো. ফয়সাল l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবলীগ কর্মী মো. ফয়সাল l ছবি: প্রথম আলো

নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মীসহ দুজন আহত হয়েছেন। তবে হামলার আগেই বক্তব্য দিয়ে মেয়র অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও অনুষ্ঠান চলছিল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম নগরের আসকারদীঘি এলাকার রীমা কনভেনশন সেন্টারের গাড়ি পার্কিংয়ের জায়গায় এ ঘটনা ঘটে। একই অনুষ্ঠানে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশকেও সংবর্ধনা দেওয়া হয়।
জামালখান ওয়ার্ডের ‘সম্মিলিত নাগরিক সমাজ’ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অভিযোগ উঠেছে, ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেছে। যুবলীগের আহত কর্মী মোহাম্মদ ফয়সাল ও জুয়েল সেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ২১ মে লালদীঘি ময়দানে আ জ ম নাছিরের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ফয়সালের ডান পায়ের হাঁটুর নিচে, ঘাড়ের বাঁ পাশে ও থুতনিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আর জুয়েলের বাঁ পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে তখন আমরা ওপরে অনুষ্ঠানে ছিলাম।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফয়সালের চাচা মোহাম্মদ সোলায়মান চৌধুরী প্রথম আলোকে জানান, সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আ জ ম নাছির বক্তব্য দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কনভেনশন সেন্টার ত্যাগ করেন। তিনি চলে যাওয়ার পর আবার অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর বাইরে থেকে ১৫-২০ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে কনভেনশন সেন্টারের নিচতলায় থাকা ফয়সালদের ওপর হামলা করে।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা আবদুস সালাম অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগ নেতা সৈকত দাশ, শৈবাল দাশ, জিতুসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছেন।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফয়সালের সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল বলে জানান সোলায়মান চৌধুরী ও আবদুস সালাম।
হামলার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, হামলার ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে উভয় পক্ষের মধ্যে ব্যক্তিগত বিরোধ আছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।