বক্ষব্যাধি হাসপাতালের তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
খাদ্যদ্রব্য সরবরাহের নামে অর্থ আত্মসাতের মামলায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সচিবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, হাসপাতালের সচিব মুন্সী সাজ্জাত হোসেন, ভান্ডার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক হাসিনা বেগম।
দুদক সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা হাসপাতালের খাদ্য সরবরাহ করা বিলের বিপরীতে অবৈধভাবে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ দশমিক ৬০ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।
এ অভিযোগে গত বছরের ২ এপ্রিলে বনানী থানায় মামলা করে দুদক। সংস্থার উপপরিচালক রেভা হালদার মামলার তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রটি জানায়।