বখাটে তাকে ছাদ থেকে ফেলে দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কিশোরীটির। কিন্তু এখন হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সে। তার মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে গেছে। চিড় ধরেছে বাঁ পায়ের হাড়েও।
চট্টগ্রামের হামজারবাগের এই কিশোরী গত বুধবার সকালে এলাকার এক শিক্ষকের বাসায় পড়তে যায়। পড়া শেষে ওই বাসা থেকে বের হওয়ার সময় এলাকার বখাটে যুবক আবিদ উদ্দিন জোর করে তাকে ওই বাসার তিনতলার ছাদে নিয়ে যায়। পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে গিয়ে মেয়েটির বড় ভাইকেও আবিদ শাসায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানায় আবিদকে আসামি করে মামলা করেন মেয়েটির ভাই। গত ফেব্রুয়ারি মাস থেকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত আবিদ।
মেয়েটির বড় ভাই বিজয় চৌধুরী বলেন, তাঁর বোনকে উত্ত্যক্ত না করার জন্য রোজার ঈদের আগে তিনি আবিদকে অনুরোধ করেন। এরপরও সে উত্ত্যক্ত করে আসছিল। এমনকি বুধবার বিকেলে হাসপাতালে এসেও তাঁকে শাসিয়েছে আবিদ। এ ছাড়া মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে মুঠোফোনে কে বা কারা হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার রাখাল চন্দ্র বড়ুয়া বলেন, মেয়েটির মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে গেছে। পায়ের হাড়ে আঘাত আছে।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ওই ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কেউ মেয়েটির ভাইকে হুমকি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।