বখাটে যুবককে ধরে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসার কাছে কলেজ। তাই হেঁটেই কলেজে যাচ্ছিল ছাত্রী। গলি থেকে মূল রাস্তায় আসার পরই তার পিছু নেন বখাটে মোহাম্মদ নয়ন (২৯)। অশালীন অঙ্গভঙ্গি ও বাজে মন্তব্য করতে থাকেন ওই যুবক। এ অবস্থায় চিৎকার শুরু করে মেয়েটি। তার চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। লোকজনকে এগিয়ে আসতে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যুবকটি। ধাওয়া দিয়ে লোকজন ধরে ফেলেন তাঁকে। পরে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। উত্ত্যক্তের শিকার ছাত্রী একই এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
বখাটে নয়নকে গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী এস এম মহসিন গতকাল দুপুরে খুলশী থানায় প্রথম আলোকে বলেন, ‘ওয়াসা মোড়ের একটি হোটেল থেকে নাশতা করে বের হওয়ার সময় দেখি, একটি ছেলে দৌড়াচ্ছে। তার পেছনে ছুটছে লোকজন। আমি তাকে (বখাটে যুবক) ধরে ফেলি। এরপর শুনি ছেলেটি এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পালিয়ে যাচ্ছিল। মেয়েটি ওই সময় কান্নাকাটি করছিল।’
নবম শ্রেণিতে পড়ার সময়ও ওই ছাত্রীকে নয়ন উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। তবে ওই সময় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, পথচারীরা বখাটেকে আটক করে কলেজে নিয়ে আসেন। পরে তাঁকে পুলিশের কাছে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন (ওসি) বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আটক নয়নকে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করা হয়।
পুলিশ জানায়, পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের মোমিনবাগ আবাসিক এলাকায় থাকেন নয়ন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার প্রথম আলোকে বলেন, সাজা দেওয়ার পর বখাটে নয়নকে কারাগারে পাঠানো হয়েছে।