বখাটেদের অত্যাচারে পরীক্ষা দেওয়া বন্ধ
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক স্কুলছাত্রী বখাটেদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। স্কুলে মৌখিক অভিযোগ দেওয়া সত্ত্বেও মেয়েটি কোনো বিচার পায়নি।
স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বলে, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই গুপ্তমুন্সি গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) মোল্লাবাড়ির মামুন (১৭) ও তার দুই বন্ধু রাস্তায় তাকে বিরক্ত করত। অনেক সময় গায়েও হাত দিত। ১৫ ডিসেম্বর মেয়েটি পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। কিছু দূর যাওয়ার পর মামুন ও তার বন্ধুরা পার্শ্ববর্তী একটি ফাঁকা বাড়িতে তাকে তুলে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করে। এতে ঘুষি মেরে তাঁর নাক রক্তাক্ত করে মামুন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির মা তাকে উদ্ধার করেন। ওই দিন থেকে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ।
গতকাল শনিবার দুপুরে অভিযোগ পেয়ে মামুনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মা ও বোন বলেন, মামুন মেয়েটির পিছু নিলেও তাকে শারীরিক নির্যাতন করেনি।
মেয়েটির মা বলেন, বিষয়টি তিনি একাধিকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসেনকে জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।