কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বখাটের আগুনে পুড়ে যাওয়া ১৩ বছরের এক কিশোরীর পরিবার আতঙ্কে রয়েছে। বখাটেদের বিরুদ্ধে মামলা করলেও কেউ গ্রেপ্তার হয়নি। আসামিরা মেয়েটির পরিবারকে হুমকিও দিচ্ছে। আজ শনিবার ওই কিশোরীর পরিবার জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে কিশোরীর স্বজনেরা বলেন, ৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদের কাছে এ বিষয়ে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, কিন্তু বখাটেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। দুর্বৃত্তরা তাঁদের হত্যাসহ নানা হুমকি দিচ্ছে। আতঙ্কে দিনযাপন করছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে কিশোরীর পরিবার অভিযোগ করে, পঞ্চম শ্রেণির ছাত্রী ওই কিশোরীকে একই এলাকার বখাটে রমজান মিয়া, মাসুদ মিয়া ও জুয়েল মিয়া স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। তাঁদের সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তাব দিত। সে রাজি না হওয়ায় মেরে ফেলার হুমকি দিত তাকে। গত ৩০ জুলাই দুপুরের দিকে শিক্ষকের বাসা থেকে বাড়ি আসার পথে ওই তিন বখাটে তার গতিরোধ করে। এ সময় বখাটে রমজান ও মাসুদ কিশোরীর দুই হাত চেপে ধরে রাখে এবং জুয়েল ওই ছাত্রীর গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বুক, পেট ও শরীরের নিম্নাংশ আগুনে ঝলসে যায় কিশোরীর। সে মাটিতে পড়ে গড়াগড়ি ও চিৎকার করতে থাকলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে চিকিৎসা করানো হয়। কিশোরীটিকে এখন বাসায় নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলছে তার।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ৩০ আগস্ট পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার বলেন, মামলার তদন্তকাজ সঠিকভাবে চলছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।