বখাটেদের উৎপাতে এক নারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

৩০ এপ্রিল রাতে আজিজুল তাঁর সহযোগীদের নিয়ে মৌসুমীর বাসার সামনে গিয়ে তাঁর বিরুদ্ধে কুৎসা ও অপবাদ ছড়াতে থাকে

এর আগে গত ২৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে আট বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হজরত আলী নামের এক দিনমজুর। অভিযোগ উঠেছে, এলাকার এক বখাটে যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।

মৌসুমীর পারিবারিক সূত্র জানায়, তিনি তাঁর বোনের সঙ্গে হাজারীবাগের ১০১/বি সড়ক কুঞ্জ এলাকায় থাকতেন। তাঁরা দুজনই স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। গত মঙ্গলবার সকালে মৌসুমী ও তাঁর বোন কর্মস্থলে যান। বেলা দেড়টার দিকে মৌসুমী কর্মস্থল থেকে বাসায় ফেরেন। আধঘণ্টা পরে বোন সুমি আক্তার বাসায় ফিরে দেখেন, ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো। এ সময় তিনি ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তিনি প্রতিবেশীদের জানালে তাঁরা হাজারীবাগ থানায় খবর দেন। পুলিশ এসে ঘরের ভেতর থেকে মৌসুমীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মৌসুমীর বাবা ওমর ফারুক পেশায় কৃষক। তিনি প্রথম আলোকে বলেন, আগে তিনি দুই মেয়ের সঙ্গে ঢাকায় থাকতেন। চার মাস আগে তিনি ফরিদপুরের বোয়ালমারী থানার চরদৌতিরকাঠিতে ফিরে যান। এরপর থেকে আজিম, এজাজুল, কামাল, কাউছার, মিঠু, নাজিমসহ আটজন স্থানীয় যুবক তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। তাঁরা মৌসুমীর নামে নানা রকম মিথ্যা অপবাদও ছড়ান। কয়েক দিন আগে মৌসুমীদের ভাড়া বাড়ির তত্ত্বাবধায়ক লিটন মৌসুমীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। লিটন মৌসুমীকে এ-ও বলেন, টাকা না দিলে ‘ওরা’ (বখাটেরা) ঝামেলা করবে। টাকা দিতে না পারায় লিটনও মৌসুমীকে গালাগাল দিতেন। মঙ্গলবার সকালে দুই বোন কাজে বের হওয়ার সময় লিটন আবার তাঁদের উদ্দেশে অশ্লীল গালাগাল দেন। মৌসুমীকে তাঁর বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন লিটন।

মৌসুমীর বাবা অভিযোগ করেন, টাকার চাপ ও অপবাদ সইতে না পেরে মৌসুমী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান।

ঘটনা তদন্তকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, ৩০ এপ্রিল রাত দুইটার দিকে আজিজুল তাঁর সহযোগীদের নিয়ে মৌসুমীর বাসার সামনে গিয়ে তাঁর বিরুদ্ধে কুৎসা ও অপবাদ ছড়াতে থাকেন। এতেই লোকলজ্জার ভয়ে হয়তো মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে বখাটেদের উৎপাতের প্রমাণ পাওয়া গেছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বলেন, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির বাবা। পুলিশ এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মৌসুমীর বাবা বলেন, চার বছর আগে মৌসুমীর বিয়ে হয়েছিল। যৌতুকের জন্য তাঁর ওপর নির্যাতন চালাচ্ছিলেন স্বামী ইয়াসিন। তখন স্বামীর বিরুদ্ধে ফরিদপুর আদালতে দুটি মামলা করেন মৌসুমী। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৌসুমীর ভরণপোষণ চালানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে আদালত ইয়াসিনকে জরিমানাও করেন। ওই দুই মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি। স্বামীর বিরুদ্ধে মামলা করার পর মৌসুমী তাঁর ছোট বোনকে নিয়ে ঢাকায় এসে পোশাক কারখানায় চাকরি নেন।

গতকাল সকালে ময়নাতদন্ত শেষে মৌসুমীর লাশ তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে দাফনের জন্য নিয়ে যান স্বজনেরা।