পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে বখাটেদের উৎপাতে দেড় মাস ধরে দুই বোনের বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে। আতঙ্কে এখন এলাকা ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছে পরিবারটি।
ওই দুই বোনের বাবা বলেন, তিনি কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁর বড় মেয়ে স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও ছোট মেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। প্রায় এক বছর ধরে দক্ষিণ কালিকাপুর গ্রামের মো. হামিরুল (১৮) মাদ্রাসায় যাওয়া-আসার পথে তাঁর বড় মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। এর প্রতিবাদ করায় হামিরুল ও তাঁর সঙ্গীদের উৎপাত বেড়ে যায়। এদিকে একই গ্রামের মহসিন (১৭) কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর ছোট মেয়েকেও উত্ত্যক্ত করা শুরু করেছে। তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত নিয়েছি, সম্মান বাঁচাতে মেয়েদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাব।’
বড় বোন বলে, ‘মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় প্রতিদিন হামিরুল মুঠোফোনে আমার ছবি তোলে। নানা ধরনের খারাপ মন্তব্য করে। সারাক্ষণ আমাদের ঘরের আশপাশে ঘোরাফেরা করে। ভয়ে ঘর থেকে বের হতে পারি না।’
গলাচিপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য এছাহাক ফকির বলেন, দুই বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
বড় বোন যে মাদ্রাসার ছাত্রী সেই মাদ্রাসার সুপার বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ওই ছাত্রীর বাবাকে এ ব্যাপারে প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে মো. হামিরুল মুঠোফোনে বলেন, ‘ওই মেয়েটিকে আমার কাছে বিয়ে দেওয়ার কথা ছিল। বিয়ে না হওয়ায় মেয়ের বাবা আমার বিরুদ্ধে এসব কথা বলছেন।’
মহসিনও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।