বখাটেদের ভয়ে বিদ্যালয়ে যেতে পারছে না তিন বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের ভয়ে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি নলবনিয়া এলাকায় তিন বোনের লেখাপড়া বন্ধ হতে চলেছে। তাদের অপহরণ করা হবে—বখাটেদের এই হুমকির কারণে এক সপ্তাহ ধরে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। এ ঘটনায় গতকাল রোববার লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে পরিবারটি।
পরিবার সূত্র জানায়, বড় বোন মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে, মেজ বোন নবম শ্রেণিতে ও ছোট বোন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বাড়ি দূরে হওয়ায় অটোরিকশায় তারা বিদ্যালয়ে ও মাদ্রাসায় যায়। ৫ সেপ্টেম্বর বখাটেরা চালককে হুমকি দেয় এবং তিন বোনের সঙ্গে অশোভন আচরণ করে। বিষয়টি বাড়ি ফিরে জানানোর পর তাদের ভাই গিয়াস উদ্দিন বখাটেদের ডেকে এমন আচরণ না করার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাঁকে হাতুড়ি দিয়ে পেটায়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তিন বোনও বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বখাটে মো. বেলাল, মো. আরাফাত ও মো. সোহেল হুমকি দিয়েছে যে ওই তিন বোন বাড়ি থেকে বের হলে তাদের অপহরণ করা হবে।
চুনতি নলবনিয়ার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. জামিল বলেন, ওই বখাটেরা বিভিন্ন সময়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে।
লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, বখাটেদের আটক করার চেষ্টা চলছে।