বখাটেদের হামলায় স্কুলছাত্রীসহ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় গতকাল বৃহস্পতিবার বখাটেদের হাত থেকে এক স্কুলছাত্রীকে রক্ষা করতে গিয়ে তার মা-বাবা, বোনসহ আটজন হামলার শিকার হয়েছেন।
আহত ব্যক্তিরা হলো: ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী, তার দুই বোন, মা-বাবা এবং তিন নারী প্রতিবেশী।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর বোন প্রথম আলোকে জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ছোট বোন পরীক্ষা দিতে স্কুলে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর গ্রামের বেড়িবাঁধের ওপর স্থানীয় একদল বখাটে তাঁর বোনকে মারধর করে কানের দুল ছিনিয়ে নেয় এবং পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। এ খবর পেয়ে তাঁর আরেক বোন ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এরপর বাড়ি থেকে তিনি, তাঁর মা-বাবা ও প্রতিবেশীরা ছুটে গেলে তাঁদের সবাইকে মারধর করে বখাটেরা। তিনি বলেন, পুলিশ তাঁদের উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাউদ্দিনের লোক। অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল ওই বিরোধ নিয়ে স্থানীয় বাজারে সালিস চলাকালে একটি পরিবারের মেয়েরা লাঠিসোঁটা নিয়ে এলে তিনি নিজেই তাদের মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন।
হাতিয়া থানার ওসি আবদুস সামাদ বলেন, তিনি ছুটিতে। তবে সালিস বৈঠক নিয়ে মারামারির ঘটনায় আহত কয়েকজনকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে বলে তাঁকে থানা থেকে জানানো হয়েছে।