বখাটেদের হামলার শিকার ৫ এসএসসি পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে বখাটেদের হামলার শিকার হয়েছে পাঁচ এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার নারায়ণপুর ও পাকুরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার পাঁচ পরীক্ষার্থী উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পুঁটিজানা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরীক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লুকাইয়েরপাড় গ্রামের বখাটে নাইমুর পুঁটিজানা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন ও উত্ত্যক্ত করেন। ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার কৃষিশিক্ষা (তত্ত্বীয়) পরীক্ষা শেষে নারায়ণপুর এলাকার রেহানা ইদ্রিস মডেল একাডেমি কেন্দ্রের বাইরে ওই ছাত্রী ও তার বন্ধুবান্ধবীদের ওপর হামলা চালান নাইমুর ও তাঁর সহযোগীরা। এতে তিন ছাত্রী আহত হয়। এরপর তারা অটোরিকশা করে বাড়ি ফেরার পথে পাকুরিয়া এলাকায় নাইমুর আবার তাদের ওপর হামলা চালান। তখন অপর দুই ছাত্র আহত হয়েছে। এ ঘটনার পর থেকে হামলাকারী নাইমুর ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।

হামলায় পাঁচ পরীক্ষার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুঁটিজানা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. হায়দার আলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।