বখাটেদের হামলায় বাড়িছাড়া পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজশাহী নগরের হাজরাপুকুর এলাকায় মা-বাবাকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এতেই তারা ক্ষান্ত হয়নি। হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মালপত্র লুট করেছে। পরিবারের পাঁচ সদস্য ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার বোয়ালিয়া থানায় মামলা হয়েছে।

ওই কিশোরীর (১৪) মা শ্যামলী বেগম (৩৫) একটি বিস্কুট কারখানায় কাজ করেন। বাবা খাইরুল ইসলাম (৪০) রিকশা চালান। তাঁরা নগরের হাজরাপুকুর রেল কলোনিতে চাটাইয়ে বেড়া ও টিনের ছাউনির একটি বাড়িতে থাকতেন। শ্যামলী বেগম বলেন, মাস দেড়েক ধরে হেল্লাল নামের এক ব্যক্তি মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি জানার পর এলাকার লোকজন হেল্লালকে মারধর করেন। এই ঘটনার জের ধরে গত সোমবার হেল্লালের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বাড়িতে হামলা চালায়। তাঁকে ও তাঁর মেয়েকে মারধর করে। তখন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।

শ্যামলী বেগম আরও বলেন, ‘গোপনে কয়েকবার ওই বাড়িতে গিয়েছিলাম। হামলাকারীদের ভয়ে পালিয়ে এসেছি। গত শুক্রবার রাতে আমার স্বামী ওই বাড়িতে গিয়েছিলেন। তখন তারা তাঁকে ধরে বেদম পিটিয়েছে।’ গতকাল শনিবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, বেড়া ও টিনের ছাউনি মাটিতে পড়ে আছে। শাড়ি-কাপড় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি ড্রেসিং টেবিলের কাচ গুঁড়া হয়ে নিচে পড়ে রয়েছে। স্থানীয় কয়েক ব্যক্তি জানান, হেল্লাল স্থানীয় একটি টায়ারের দোকানে কাজ করেন। ওই এলাকায় গিয়ে হেল্লালকে পাওয়া গেল। শ্যামলী বেগমের বাড়ি ভাঙচুর করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুজ্জামান হুকুম দিয়েছেন তাই এলাকার লোকজন তাঁদের বাড়িঘর ভেঙে দিয়েছে। এর সঙ্গে আমি জড়িত নই।’

কাউন্সিলর নুরুজ্জামান বলেন, ‘আমি এ রকম কোনো হুকুম দিইনি।’