লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী গতকাল রোববার সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হাতীবান্ধা উপজেলার সিন্দুনা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ১৬ এপ্রিল সন্ধ্যায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম খন্দকারের ওপর হামলা চালিয়েছে বখাটেরা। হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় জাহেদুল ইসলাম ১৬ এপ্রিল রাতেই হাতীবান্ধা থানায় মামলা করেছেন। মামলায় দক্ষিণ সিন্দুনার আতোয়ার রহমান (৩৬), আনোয়ার হোসেন (৩৮), পূর্ব সিন্দুনা গ্রামের আতোয়ার রহমান ওরফে পিপুলসহ (৩১) কয়েকজনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা হাসপাতাল মোড় থেকে উপজেলা পরিষদ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটারে বসে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বস্তরের জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তৃতা করেন হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সিন্দুনা লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, শাহ্ গরীবুল্লাহ্ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান প্রমুখ। একই দাবিতে গত শনিবার দুপুরে হাতীবান্ধা এসএস উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই জাকির উল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আতোয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধির পরিচয় পাওয়ার পর এখন ব্যস্ত আছি বলে সংযোগ কেটে দেন।