বখাটেপনার প্রতিবাদ করায় কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করা ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে বারণ করায় দুজনকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। এ সময় এলাকাবাসী বখাটের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহত নাজিম উদ্দিন দেওয়ান (৪০) ও তাঁর ভাবি হালিমা বেগমকে (৩৫) রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কামরুল হক মিয়া, বৃচাত্রা গ্রামের বাসিন্দা নুরুল আলম ও আবদুর রহমান জানান, ইউনিয়নের ঘিমোরা গ্রামের মোসলেম মোল্লা (১৮) সব সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল
চালান এবং বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিভিন্ন সময় আটদাপুনিয়া উচ্চবিদ্যালয়ের অনেক ছাত্রীর প্রতি অশোভন ইঙ্গিত ও আচরণ করেছেন। বৃচাত্রা গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন দেওয়ান একাধিকবার মোসলেমকে এসব আচরণ বন্ধ করে স্বাভাবিকভাবে চলাফেলা করতে বলেন।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন দেওয়ান বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে মোসলেম তাঁদের বাড়ির সামনের রাস্তা দিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তিনি নিষেধ করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোসলেম বাড়ি চলে যান। কিছুক্ষণ পর মোসলেম ধারালো অস্ত্র নিয়ে এসে তাঁর মাথায় কোপ দেন। চিৎকার শুনে তাঁর ভাবি এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে মোসলেম পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা মোসলেমের রেখে যাওয়া মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
ঘটনার পরপর মোসলেম পালিয়ে যান। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা মমতাজ বেগম বলেন, ‘মোসলেম আঁকাবাঁকাভাবে মোটরসাইকেল চালানোয় আমরাও বকাঝকা করি। কিন্তু সে কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। এলাকার কেউ কোনো দিন আমাদের কাছে অভিযোগও করেনি।’ তিনি অভিযোগ করেন, মোসলেম সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি নেওয়ার চেষ্টা করায় কিছু লোক তাঁর ছেলেকে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এবং গুম করেছে।
আটদাপুনিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল কুমার ঘোষ জানান, ছাত্রীদের বিদ্যালয়ে আসার সময় ও বাড়ি ফেরার সময় মোসলেম উত্ত্যক্ত করতেন। তাঁর বিরুদ্ধে মেয়েদের নানাভাবে ভয় দেখানো ও অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু শহীদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।