বখাটেপনার প্রতিবাদ করায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পাশের কয়েকজন তরুণের বখাটেপনার প্রতিবাদ করায় ময়মনসিংহ শহরের চৌরঙ্গী মোড় এলাকায় গত শুক্রবার রাতে বাড়িতে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেওয়ায় নিহত ওই নারীর মেয়েকে কুপিয়ে জখম করেছেন তরুণেরা।

নিহত নারীর নাম আনোয়ারা বেগম (৪৫)। তাঁর মেয়ের নাম নুরজাহান ওরফে খুশি (১৫)। আনোয়ারার স্বামী নজরুল ইসলাম। তাঁদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আতুজঙ্গল গ্রামে। নজরুল ময়মনসিংহ শহরের ফুটপাতের ভ্রাম্যমাণ ব্যবসায়ী। তাঁরা চৌরঙ্গী মোড়ে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও নিহত নারীর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে নজরুল বাসাটি ভাড়া নেন। প্রতিবেশী তরুণেরা প্রায়ই বাড়ির ছাদে উঠে উচ্চ শব্দে গান বাজাতেন। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আপত্তিকর মন্তব্য করতেন। আনোয়ারা এসবের প্রতিবাদ করায় তরুণদের সঙ্গে তাঁর বিরোধ ছিল। বৃহস্পতিবার শবে বরাতের রাতে প্রতিবেশী আহাদ ও মাহবুবসহ কয়েকজন তরুণ আনোয়ারাদের বাড়ির ছাদে উঠে গান বাজাচ্ছিলেন। মাঝরাতে আনোয়ারা গান বাজাতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হন তরুণেরা। তাঁরা আনোয়ারাকে দেখে নেওয়ার হুমকি দেন। শুক্রবার রাত আটটার দিকে আহাদ ও মাহবুবসহ কয়েকজন তরুণ আনোয়ারার ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেন এবং দা দিয়ে কোপান। মাকে ছুরিকাঘাতের সময় নুরজাহান বাধা দেওয়ায় তার হাতে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে প্রতিবেশীরা এসে আনোয়ারা ও নুরজাহানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত আনুমানিক পৌনে নয়টার দিকে আনোয়ারা মারা যান। নুরজাহান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে এখনো শঙ্কামুক্ত নয় বলে গতকাল শনিবার দুপুরে চিকিৎসকেরা জানিয়েছেন।

শোকে বিহ্বল নজরুল ইসলাম বলেন, ‘আমি স্ত্রী হত্যার বিচার চাই।’

গতকাল দুপুরে আহাদ ও মাহবুবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। একজন নারীকে বাড়ির সামনে পাওয়া গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকে আহাদ ও মাহবুবকে দেখা যাচ্ছে না।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আহাদ ও মাহবুবসহ মোট সাত তরুণ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। দুজনকে গতকাল আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম বলতে চায়নি পুলিশ। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।