বখাটেপনার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া মনজুর কাদের মহিলা কলেজ ও করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটেদের উৎপাত ব্যাপক বেড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৯ জন বখাটেকে আটক করে শাস্তি দিয়েছে।
বেড়া থানার পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, উপজেলার বেড়া মনজুর কাদের মহিলা কলেজ ও সাঁথিয়া উপজেলার করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয় একই আঙিনায় (ক্যাম্পাস) অবস্থিত। কলেজে প্রায় ১ হাজার ৪০০ ও বিদ্যালয়ে প্রায় ৮০০ ছাত্রী পড়ালেখা করে। প্রতিষ্ঠান দুটির সামনে মূল সড়ক থেকে সেচখালের সেতু পর্যন্ত প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি রাস্তা রয়েছে। ওই রাস্তাটিতে বখাটেদের ভিড় লেগেই থাকত। বিশেষ করে ক্লাস শুরু ও ছুটির সময় তাদের আনাগোনা ছিল সবচেয়ে বেশি। তাদের উৎপাতে শুধু ছাত্রীরাই নয়, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এ সম্পর্কে অভিযোগ পাওয়ার পর গতকাল ক্লাস শুরুর আগে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ সেখানে সাদাপোশাকে অভিযান চালায়। বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন ও বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই রাস্তা থেকে ১৯ জন বখাটেকে আটক করে। এ সময় আরও কয়েকজন বখাটে পালিয়ে যায়। আটক বখাটেদের কলেজের মাঠে এনে কান ধরিয়ে কয়েকবার ঘোরানো হয়। এরপর তাদেরকে মাঠে কান ধরিয়ে উঠবস করানো হয়। শেষে তাদের কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। অভিনব এমন শাস্তি দেওয়ার বিষয়টি ছাত্রীরা শ্রেণিকক্ষের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করে।
এদিকে পুলিশি অভিযানের পর কলেজের সামনের রাস্তাটি বখাটেশূন্য হয়ে যায়। কলেজ ছুটির সময় ও কলেজ চলাকালে গতকাল আর কোনো বখাটের দেখা পাওয়া যায়নি।
এ ব্যাপারে এএসপি জাকির হোসাইন বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সে জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।