বখাটেপনার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা
মাদারীপুরের শিবচর উপজেলায় বখাটেপনার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীর সাহায্যে এগিয়ে এলে স্থানীয় দুই তরুণকেও মারধর করে বখাটেরা।
ডাইয়ারচর গ্রামেরই তিন তরুণের বিরুদ্ধে এই বখাটেপনার অভিযোগ এসেছে। অভিযুক্ত তরুণেরা হলেন ওই গ্রামের শান্ত ব্যাপারী (১৮), ফারুক শেখ (১৯) ও রুবেল শেখ (১৮)। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অন্য দুই যুবককে আটক করেছে। লাঞ্ছনার শিকার স্কুলছাত্রীর নাম ফারহানা আক্তার (১৬)। সে অভিযুক্ত তরুণদের পার্শ্ববর্তী নাজিমউদ্দির কান্দি গ্রামের বাসিন্দা দেলোয়ার মাদবরের মেয়ে। ফারহানা আর এম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিল ফারহানা। পথে অভিযুক্ত তিন বখাটে ডাইয়ারচর এলাকার একটি সেতুর ওপরে তার গতি রোধ করে। পরে অভিযুক্ত শান্ত তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ফারহানা সায় না দিলে বখাটেরা তার হাতে থাকা কাগজপত্র ও জামা ধরে টানাটানি করে। এ সময় স্থানীয় বশির মাদবর ও আলমাস মাদবর নামে দুই তরুণ ফারহানার সাহায্যে এগিয়ে এলে বখাটেরা তাদের মারধর করে।
ফারহানার চাচা ফারুক মাদবর বলেন, ‘আমার ভাতিজির সঙ্গে খারাপ আচরণ করায় লজ্জায় মেয়েটি বাসায় এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। অভিযুক্ত তরুণেরা আমাদের হুমকি দিচ্ছে, যেন আমরা থানায় অভিযোগ বা মামলা না করি। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ তিনি বলেন, ফারহানাকে দ্রুত শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
অভিযুক্ত শান্ত ব্যাপারীর বাবা জহুরউদ্দিন ব্যাপারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নয়। স্থানীয় রাজনৈতিক কারণে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশের মামলা-হামলার ভয়ে শান্ত এখন কোথায় আছে তা আমার জানা নেই।’
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিম মাদবর ও আসিফ নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। লাঞ্ছনার শিকার মেয়েটি বর্তমানে সুস্থ রয়েছে। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।’