বখাটের অত্যাচার, মানুষের ভর্ৎসনা, অতঃপর আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটের অত্যাচার ও মানুষের ভর্ৎসনা সহ্য করতে না পেরে কীটনাশক পান করে নাহিদা আক্তার (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিনারা গ্রামে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, একই গ্রামের নাহিদ ছৈয়াল (২০) নাহিদাকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার রাতে গায়েহলুদের একটি অনুষ্ঠানে নাহিদ মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ নিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মেয়েটিকে ভর্ৎসনা করেন।
স্থানীয় লোকজন জানান, গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল নাহিদা। বিদ্যালয়ে যাওয়ার পথে আড়াই বছর ধরে তাকে উত্ত্যক্ত করতেন নাহিদ ছৈয়াল। মেয়ের কোনো বিপদ হবে, এ আশঙ্কায় পরিবার এরপর তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এর পরও নাহিদ মেয়েটির পিছু ছাড়েনি। পরে দুই পরিবারের মধ্যে এ বিষয়ে আলোচনা হলে একসময় নাহিদের পরিবার তাঁকে কাজ করার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়।
গত সোমবার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে নাহিদ গ্রামে আসেন। মঙ্গলবার ওই বিয়ের গায়েহলুদ অনুষ্ঠানের একপর্যায়ে নাহিদ মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। মেয়েটি ভয়ে ওই বাড়ির ভেতরে একটি ঘরে আশ্রয় নেয়। ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশী ও স্বজনেরা মেয়েটিকে দোষারোপ করে ওই রাতে ও বুধবার সকালেও বকাঝকা করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে সে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে নাহিদা মারা যায়।
গতকাল বিকেলে দিনারা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় নাহিদার মরদেহটি রাখা হয়েছে। তার মা আনোয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। এ সময় উপস্থিত সবাই বখাটের শাস্তি দাবি করেন।
নাহিদার বাবা মোকলেছ গাজি বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়েকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। বখাটে নাহিদ আমার মেয়েকে বাঁচতে দিল না।’
এদিকে ঘটনার পর থেকেই নাহিদ পলাতক। বুধবার তাঁর বাড়িতে গেলে মা জাহানারা বেগমের বলেন, ‘সে কি করেছে আমরা জানি না। সকাল থেকে সে বাড়িতে নেই।’
চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন রাড়ি বলেন, বখাটে উত্ত্যক্ত করার কারণে কারও জীবন ধ্বংস হয়ে যাবে, এমনটা কাম্য নয়। তিনি বখাটে নাহিদের বিচার দাবি করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।