বখাটের উৎপাতে মেয়ে এলাকাছাড়া, বাবাকে গুলি করার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করত এক বখাটে। রাস্তায় পথ আটকে তার শ্লীলতাহানিও করেছে সে। এরপর মেয়েটিকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। গত রোববার রাতে বাসায় গিয়ে মেয়েকে না পেয়ে তাঁর বাবাকে ওই বখাটে গুলি করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে গতকাল সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানায় মেয়ের বাবা ওই বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই বখাটের নাম নাঈম (২২)। তাঁর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগর এলাকায়।
মামলা এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ওই মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত নাঈম। মেয়েটির এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে। গত ১৩ জুন মেয়েটি ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে বলাকাপাড়া মসজিদের সামনের সড়কে পথ আটকে নাঈম তার শ্লীলতাহানি করে। পরে লোকজন আসতে দেখে সে চলে যায়। এ অবস্থায় পরীক্ষা শেষে মেয়েটিকে অন্যত্র পাঠিয়ে দেয় পরিবার। কিন্তু নাঈম এরপর এলাকায় গিয়ে নানাভাবে মেয়েটির খোঁজ করতে থাকে।
মেয়েটির বাবা জানান, গত রোববার রাত ১১টার দিকে তিন সহযোগীকে নিয়ে নাঈম তাঁর বাসায় আসে। এ সময় তার মেয়ে কোথায় তা জানতে চায় নাঈম। নাঈম একপর্যায়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে লিপ্ত হয়। পরে সে এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে গুলি করার হুমকি দেয়। বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়। এ ব্যাপারে কথা বলার জন্য নাঈমের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মো. শাখাওয়াত হোসেন জানান, ‘সোমবার থানায় নাঈমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ রোববার রাত থেকেই নাঈমকে গ্রেপ্তারের চেষ্টা করছে। বখাটেদের কোনো ছাড় দেওয়া হবে না।’