বখাটের উৎপাতে সাত ছাত্রীর পড়াশোনা বন্ধের উপক্রম
ফরিদপুরে এক বখাটের উৎপাতে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সাত ছাত্রীর। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে। ইউনিয়নের কে এফ করিম উচ্চবিদ্যালয়ে ওই ছাত্রীদের একজন দুই মাস ধরে স্কুলে যায় না। বাকি ছয়জন অনিয়মিতভাবে উপস্থিত থাকছে।
ছাত্রীদের পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইউনিয়নের কামারহাটি গ্রামের বখাটে আকিদুল শেখ (১৮) ছাত্রীকে উত্ত্যক্ত করত। এমনকি অনেক সময় ছাত্রীদের পিছু নিয়ে তাদের বাড়ি পর্যন্ত চলে আসত। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হয়েছে। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানানো হয়েছে।
সালিসে উপস্থিত এ কে হামিদুল বারী বলেন, একবার সালিসে আকিদুলকে মারধরও করা হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এর পর থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী গত দুই মাস ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিস করেও আমরা সমস্যার সমাধান করতে পারিনি। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি।’
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, আকিদুলকে গ্রেপ্তারের জন্য ওসিকে বলা হয়েছে। গ্রেপ্তার হলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ওসি মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, ‘ওই বখাটেকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে। আশা করি অতি দ্রুত ওই বখাটেকে গ্রেপ্তার করতে পারব।’