বখাটের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী উম্মে কুলসুম ওরফে ঋতুকে উত্ত্যক্তকারী ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর খিলগাঁও থানার সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, কুলসুমকে উত্ত্যক্তকারী মূল আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় তাঁরা হতাশ ও শঙ্কিত। তাঁদের অভিযোগ, পুলিশ এ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে না বলেই আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সমাবেশে কুলসুমের বাবা মো. আশিক, মা সাথী আক্তার, ছোট বোন মরিয়ম বেগম, খিলগাঁও নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া বলেন, ঘটনার পর থেকেই শিমুলসহ মূল বখাটেদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে।