বখাটের ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে কল্পনা খাতুন নামের এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কল্পনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন লেন্টু মোল্লা নামের স্থানীয় এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

গতকাল বুধবার দুপুরে হেমায়েতপুরের হাজি ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও কল্পনার স্বজনেরা অভিযোগ করেছেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লেন্টু কল্পনাকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে কল্পনা মারা যান। পুলিশ হেফাজতে থাকাকালে লেন্টু প্রথম আলোর কাছে এ অভিযোগ স্বীকার করেন।

কল্পনা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কল্পনা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আবদুর রাজ্জাকও ওই এলাকার অপর একটি পোশাক কারখানায় চাকরি করেন।

লেন্টু মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার ভোমভাগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তিনিও হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় থাকেন। একসময় তিনি পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে তিনি বেকার।

আবদুর রাজ্জাক অভিযোগ করেন, কর্মস্থলে যাওয়া-আসার পথে লেন্টু প্রায়ই তাঁর স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে লেন্টু তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকেন। এ নিয়ে এলাকায় কয়েক দফায় সালিস বৈঠকও হয়েছে। এরপরও লেন্টু তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করা অব্যাহত রাখেন।

আবদুর রাজ্জাক বলেন, বুধবার বেলা একটার দিকে তাঁর স্ত্রী দুপুরের খাবারের জন্য কর্মস্থল থেকে বাসায় যাচ্ছিলেন। পথে হাজি ভবনের সামনে পৌঁছালে লেন্টু তাঁর পথরোধ করে দাঁড়ান। এরপর তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে পেট, বুক, পিঠ, পাঁজর ও হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন লেন্টু। এ সময় স্থানীয় লোকজন লেন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং তাঁর স্ত্রী কল্পনাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে কল্পনা মারা যান। এ ঘটনায় আবদুর রাজ্জাক সাভার মডেল থানায় লেন্টুকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম শাহ্ আলম বলেন, ছুরিকাঘাতের পর জনতা লেন্টুকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসার জন্য লেন্টুকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে পুলিশ হেফাজতে থাকাকালে লেন্টু প্রথম আলোকে বলেন, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে তিনি কল্পনাকে হত্যার সিদ্ধান্ত নেন। হত্যার জন্য বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনি একটি ছুরি কেনেন। ওই দিন দুপুরে পথে ওত পেতে থেকে তিনি কল্পনাকে ছুরিকাঘাত করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেন্টু কল্পনাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। কল্পনার স্বামীর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।