বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী জখম
বখাটের ছুরিকাঘাতে ঝিনাইদহ শহরে পূজা বিশ্বাস নামের এক স্কুলছাত্রী জখম হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।
পূজা স্থানীয় জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। একই এলাকার লিটু (২২) নামের ওই বখাটে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে সদর হাসপাতালে চিকিৎসাধীন পূজা প্রথম আলোকে বলে, সন্ধ্যা ছয়টার দিকে সে বাড়ির ছাদে যায়। তখন প্রাচীর টপকে বখাটে লিটু ওই ছাদে ওঠেন। তাঁর হাত ধরে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে তার গলা ছুরি ধরে নিচে নামানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে লিটু তার মুখে ছুরিকাঘাত করেন। এ ছাড়া তার ডান হাতেও আঘাত লাগে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদুজ্জামান বলেন, পূজার বাম চোয়ালে ও ডান হাতে জখম হয়েছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে। সে আশঙ্কামুক্ত।
রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, মামলার প্রক্রিয়া চলছে। বখাটে লিটুকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।