বখাটের জিম্মিদশা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে গতকাল সোমবার বাড়িঘর ভাঙচুর করে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে পিটিয়ে আহত করেন এক মাদকাসক্ত বখাটে ও তাঁর সহযোগীরা। এ ঘটনার আধা ঘণ্টা পর গ্রামবাসীর সহযোগিতায় ওই তরুণের জিম্মিদশা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীদের বসতভিটা প্রায় ১০ বছর আগে যমুনা নদীতে বিলীন হয়ে যায়। পরে তারা একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়। সেখানে ওই স্কুলছাত্রী একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরে ওই ছাত্রীকে ভূতবাড়ি গ্রামের মাদকাসক্ত আকুল হোসেন (১৯) প্রেমের প্রস্তাব দেন। তাতে সাড়া না দেওয়ায় ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত ও অত্যাচার করতে থাকেন আকুল। আকুলের অত্যাচারে বাড়ি ছেড়ে ওই ছাত্রী লেখাপাড়ার জন্য সিরাজগঞ্জের কাজীপুরের নানার বাড়িতে যায়। সেখানে তাকে এক উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়। এ বছর সে ওই বিদ্যালয় থেকে নবম শ্রেণি থেকে পরীক্ষা দিয়েছে। পাঁচ দিন আগে সে বাবার বাড়িতে আসে। এদিকে বাবার বাড়িতে ফিরে আসার পর থেকে আকুলের অত্যাচারের মাত্রা বেড়ে যায় ও ওই ছাত্রীর বিয়ের কথা শুনে ক্ষুব্ধ হয়ে উঠে। গতকাল বেলা তিনটার দিকে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে বাবার ঘরে ঘুমিয়েছিল। এ সময় তার মা-বাবা কৃষি কাজের জন্য যমুনার চরে অবস্থান করছিলেন। এ সুযোগে আকুল ও তাঁর কয়েকজন সহযোগী কুড়াল দিয়ে বাড়িঘরের দরজা কুপিয়ে ভাঙচুর করে ওই ছাত্রীকে ঘর থেকে তুলে নিজ বাড়িতে নিয়ে আটক রেখে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে গ্রাসবাসী ছুটে গিয়ে আকুলের জিম্মিদশা থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই ছাত্রী বলে, ‘আকুলের নানা ধরনের অত্যাচার সইতে না পেরে নানার বাড়ি থেকে লেখাপড়া করছি। আকুল মাঝে মাঝে সেই স্কুলে গিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত।’ ওই ছাত্রীর বাবা বলেন, ‘সংসারের নানা টানাপোড়েনের মাঝেও মেয়েকে লেখাপড়ার জন্য স্কুলে ভর্তি করি দিয়েছি। আকুলের অত্যাচার সইতে না পেরে মেয়েকে লেখাপড়ার জন্য তার নানার বাড়িতেও পাঠিয়েছি। সেখানে গিয়েও আকুল বিরক্ত করেছে। এ বিষয়ে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিমের কাছেও বিচার দেওয়া হয়েছে। কিন্তু তিনি তাঁর বিচার করতে পারেননি। এ কারণে গোপনে অন্য একটি ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। দুজনের লেখাপড়া শেষে আনুষ্ঠানিকতা হবে। বিয়ের কথার শোনার পর আকুল ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছে ও ঘরবাড়ি ভেঙে দিয়েছে।’
ঘটনার পর থেকে আকুল পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার বড় ভাইয়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ‘ওই ছাত্রীর বাবা আমার কাছে অভিযোগ দিয়েছিলেন কি না, তা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না।’ ধুনট থানার ওসি মিজানুর রহমান গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’