বখাটের নিগ্রহ সইতে না পেরে ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় উম্মে কুলসুম ওরফে ঋতু (১৫) নামের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। আজ শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

উম্মে কুলসুম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী।

ওই ছাত্রীর পরিবার ও শিক্ষকদের অভিযোগ, স্থানীয় এক বখাটের কাছ থেকে উত্ত্যক্ত হওয়া ও শ্লীলতাহানির চেষ্টা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।

খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় এক বাসায় পরিবারের সঙ্গে থাকত উম্মে কুলসুম। স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ত সে। তিন ভাইবোনের মধ্যে সে বড়। তার বাবা মো. আশিক ও মা সাথী আক্তার ডেমড়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। উম্মে কুলসুমের নানী ফাতেমা বেগমও তাঁদের সঙ্গে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে উম্মে কুলসুমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজন ও শিক্ষকেরা। রাত নয়টার দিকে সে মারা যায়। কর্তব্যরত চিকিত্সক জানান, বিষক্রিয়ায় উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে।

কাঁদতে কাঁদতে ফাতেমা প্রথম আলোকে বলেন, সকালে কর্মস্থলে চলে যান উম্মে কুলসুমের বাবা ও মা। আর তিনি যান বাজারে। এর মধ্যে শিমুল চন্দ্র নামের এক যুবক বাসায় ঢোকেন। শিমুলের সঙ্গে আসা আরও কয়েকজন ছিলেন বাইরে। শিমুল বাসায় ঢুকেই উম্মে কুলসুমকে শ্লীলতাহানির চেষ্টা চালান। একপর্যায়ে গালিগালাজ করে শিমুলেরা চলে যান। বাসায় ফিরে তিনি এসব কথা জানতে পারেন।

ফাতেমা বলেন, সন্ধ্যার দিকে আবারও কয়েকজন যুবকসহ শিমুল বাসার সামনে এসে উম্মে কুলসুমকে গালিগালাজ করতে থাকেন। বিভিন্ন ধরনের কথা বলে অপমান করেন। তখন তিনি শিমুলদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন। এরই মধ্যে হঠাত্ করে বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় উম্মে কুলসুম। অনেক ডাকাডাকির পর দরজা খুলে দেয় উম্মে কুলসুম। তখন তার নাক মুখে ফেনা দেখা যায়। এক পর্যায়ে কাত হয়ে মেঝেতে পড়ে যায় সে। ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

রাতে সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালে জরুরি বিভাগের মর্গের সামনে বিলাপ করে চলেছেন নানী ফাতেমা। শোকে পাথর হয়ে গেছেন মা সাথী। ঘটনায় ক্ষুদ্ধ ও হতবাক হয়ে গেছেন শিক্ষকেরা।