বখাটের বাসা থেকে কিশোরীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর বাগবাড়িতে এক বখাটের বাসা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীটি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।

কিশোরীর স্বজনেরা অভিযোগ করেন, আগুন (২৩) স্কুলে আসা-যাওয়ার পথে কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গতকাল সকালে আগুন স্কুলের সামনে থেকে তাকে জোর করে তুলে বাসায় নিয়ে যান।

হাসপাতালে কিশোরীর ভাই গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা হয়ে গেলেও বোন বাসায় না ফেরায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আগুন বলেন, তাঁর বাসায় আছে। সেই বাসায় গিয়ে বোনকে খাটের ওপর অচেতন অবস্থায় পান তাঁরা। আগুনের মা-বাবা তখন বাসায় ছিলেন না। অচেতন হলো কীভাবে জানতে চাইলে আগুন বলেন, ‘পানি খাওয়াইছিলাম। এতেই অচেতন হয়ে গেছে।’

কিশোরীর ভাই জানান, তাঁর বোনকে উদ্ধার করে দারুস সালাম থানায় নিয়ে গেলে কর্তব্যরত কর্মকর্তা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত নয়টার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরিবার সূত্র জানায়, কিছুদিন আগে আগুন কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা রাজি হননি। এরপর আগুন স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে উত্ত্যক্ত করতেন।