বখাটের ভয়ে মেয়েটির বিদ্যালয় যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় বখাটের ভয়ে নবম শ্রেণির এক ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। সদর উপজেলার টোনা গ্রামের সবুজ হাওলাদার (১৮) সম্প্রতি ওই স্কুলছাত্রীকে অ্যাসিড মেরে শরীর ঝলসে দেওয়ার হুমকি দেয়।
মেয়েটির বাবা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে সবুজ হাওলাদার তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় গত জুন মাসে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সালিস বৈঠক করে সবুজকে শাসিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত না করার জন্য সতর্ক করে দেন। এরপর সবুজ মেয়েটির বাবার খড়ের গাদা পুড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিস করে দেওয়ার কথা বলে মামলা করতে দেননি। ওই ঘটনার পর সবুজ কিছু দিন উত্ত্যক্ত করেনি। সম্প্রতি সে মেয়েটিকে আবার উত্ত্যক্ত শুরু করে এবং অ্যাসিড মেরে দেখে নেওয়ার হুমকি দেয়। এ কারণে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ রাখা হয়েছে।
টোনা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বদিউজ্জামান খান বলেন, ‘সবুজ বখাটে প্রকৃতির ছেলে। মেয়েটিকে উত্ত্যক্ত করার ঘটনায় আমি কয়েক মাস আগে একবার সালিস করে ছেলেটিকে শাসন করেছিলাম।’
মেয়েটি বলে, ‘কয়েক দিন আগে বিদ্যালয়ে যাওয়ার সময় সবুজ আমাকে বলে, ‘‘তোকে তো পামু না। তয় তোরে অ্যাসিড মারমু।’’ ওই দিন বিদ্যালয় থেকে আমার মামাতো বোনের সঙ্গে বাড়ি আসি। এরপর ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির খান রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সবুজ ওই স্কুলছাত্রীকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করছে। গত ২৬ অক্টোবর থেকে মেয়েটি বিদ্যালয়ে অনুপস্থিত। আমি খোঁজ নিয়ে জেনেছি, সবুজ মেয়েটিকে হুমকি দেওয়ায় সে ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এ ঘটনা জানার পর আমি সবুজের বাবাকে নোটিশ পাঠিয়ে বিদ্যালয়ে আসতে বলেছিলাম। তিনি আসেননি।
হুমকি দেওয়ার ঘটনায় সবুজের সঙ্গে কথা বলা যায়নি। তার বাবা কালাম হাওলাদার বলেন, ‘ছেলে আমার কথা শোনে না।’