বখাটের মারধরে হাসপাতালে কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে কলেজে যাওয়ার পথে গত বুধবার এক ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে বেদম মারধর করেছে এক বখাটে তরুণ। গুরুতর আহত ওই ছাত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের আবদুল জলিল (২০) দীর্ঘদিন ধরে কলেজ যাওয়া-আসার পথে ছাত্রীকে (১৬) উত্ত্যক্ত করছিলেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী অটোরিকশায় করে কলেজে যাচ্ছিল। পথে অটোরিকশার গতিরোধ করেন জলিল। এরপর ওই ছাত্রীকে জোরপূর্বক নিচে নামান। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান জলিল। সে মাটিতে লুটিয়ে পড়লে জলিল তার মাথা ধরে পাকা রাস্তায় আঘাত করেন। পরে ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে জলিল পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন ছাত্রীটিকে তার বাড়ি পৌঁছে দেন। পরে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন ওই ছাত্রী বলে, ‘ওই বখাটে কলেজে যাওয়া-আসার পথে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় আমার ওপর হামলা করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

হাসপাতালে ছাত্রীর বাবা বলেন, ‘থানায় মামলা করলে আমাদের খুন করে ফেলবে বলে হুমকি দিচ্ছে জলিল ও তার লোকজন। আমরা হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘আমি ওকে (ছাত্রী) বিয়ে করব। পারলে আপনারা ঠেকান।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।