বখাটের হাতে কলেজছাত্রী দুই বোন লাঞ্ছিত
রাজবাড়ী সদর উপজেলায় গতকাল সোমবার দুপুরে দুই কলেজছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন বোন। বড় বোন স্নাতক ও ছোট বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বড় বোন বলেন, দুই বোন সোমবার সকালে একসঙ্গে বাড়ি থেকে বের হন। তিনি কলেজে যান। আর ছোট বোন কলেজ এলাকায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ করে কলেজের কমনরুমের সামনে বান্ধবীদের সঙ্গে বসে কথা বলছিল ছোট বোন। এমন সময় ওই কলেজের একাদশ শ্রেণির পাঁচ-ছয় ছাত্র এসে ছোট বোনকে ডাক দেয়। এতে সাড়া না দেওয়ায় ওই ছাত্ররা তাকে গালাগাল করতে থাকে এবং পরিণাম খারাপ হবে বলে শাসিয়ে চলে যায়। পরে সেখানে বড় বোন আসেন। এরপর বেলা একটার দিকে দুই বোন ও অন্য চার-পাঁচ কলেজছাত্রী একত্রে বাড়ির উদ্দেশে বের হন। কলেজ থেকে কয়েক শ গজ দূরে যেতেই সাত-আটজন ছাত্র এসে ছোট বোনকে প্রকাশ্যে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করেন বড় বোন। এতে ওই ছাত্ররা স্কার্ফ টেনে ধরে তাঁকে মাটিতে ফেলে দেয়। ছোট বোন এগিয়ে এলে ছাত্ররা তাকেও চুল ধরে মারধর করতে থাকে। এ সময় স্থানীয় লোকজনের কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরে দুই বোন কোনো রকমে দৌড়ে কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান।
ওই কলেজের অধ্যক্ষ বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।