বখাটের হাতে স্কুলছাত্রীর বাবা খুনের অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মাচাইন গ্রামের একটি খালের পাড় থেকে বিল্লাল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ বলছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে এক তরুণ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
বিল্লাল হোসেনের বাড়ি শিবালয় উপজেলার কাক্কোল গ্রামে। তিনি মাচাইন গ্রামের বাজারে দরজির কাজ করতেন। পাশাপাশি একটি বিমা কোম্পানিতেও চাকরি করতেন।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে দশম শ্রেণির ছাত্রী। প্রায় দুই বছর ধরে পাশের গ্রাম দক্ষিণ খানপুরের এখলাছ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২২) তাকে উত্ত্যক্ত করে আসছেন। এ নিয়ে সুমনের অভিভাবকদের কাছে বিল্লাল হোসেন নালিশও করেন। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি। বরং সম্প্রতি তাঁর কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সুমনের পরিবার। বিয়েতে রাজি না হওয়ায় বিল্লাল হোসেনের ওপর ক্ষিপ্ত ছিলেন সুমন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে আটটায় দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন বিল্লাল হোসেন। দোকান থেকে তাঁর ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজ করতে থাকেন। দিবাগত রাত একটার দিকে মাচাইন গ্রামে খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পাশে তাঁর সাইকেলটি পড়ে ছিল। খবর পেয়ে আজ ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত বিল্লাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের গভীর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সুমন সপরিবারে পলাতক।