বখাটের হুমকিতে স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীকে উত্ত্যক্ত করত এক বখাটে। এরপর তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে গিয়ে তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় মামলা করায় তাকে হুমকি দেওয়া হয়েছে। এ কারণে সে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনা সুনামগঞ্জের পৌর এলাকার।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সুনামগঞ্জ শহরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন সুনামগঞ্জ পৌর শহরের পাঠানবাড়ী এলাকার আবদুল ওয়াহাবের ছেলে রাজীব (২৪)।
একপর্যায়ে রাজীবের পরিবার মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু মেয়ের লেখাপড়া শেষ না হওয়ার আগে তাঁরা বিয়ে দেবেন না বলে জানালে রাজীব ক্ষুব্ধ হন। গত ২০ জুলাই রাত আটটার দিকে তিনি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর মা-বাবা বাড়িতে ছিলেন না। পরদিন মেয়ের ফুফু এলাকার কয়েকজন লোক নিয়ে রাজীবের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। কিন্তু এখনো রাজীবকে ধরতে পারেনি পুলিশ।
মেয়ের মা অভিযোগ করেন, রাজীব এখনো এলাকায় ঘোরাফেরা করছেন। থানায় মামলা করার পর তিনি আরও বেপরোয়া আচরণ করছেন। রাস্তাঘাটে পেলে মেয়ের ক্ষতি করবেন বলে হুমকি দিয়েছেন। এই ভয়ে মেয়েকে স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না তিনি। ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘সে (রাজীব) বলেছে রাস্তাঘাটে পেলে আমার ক্ষতি করবে। আমার বাবা দরিদ্র মানুষ। আমরা অসহায়। এ জন্য সব সময় ভয়ের মধ্যে থাকি। তাই স্কুলে যাচ্ছি না।’
রাজীব ওই ছাত্রীকে উত্ত্যক্ত, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, পারিবারিকভাবেই তিনি ওই ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, রাজীবকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।