বগি কমানোয় যাত্রীরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ট্রেনগুলোতে নিম্নমানের সেবা ও দুটি আন্তনগর ট্রেন থেকে বেশ কয়েকটি বগি কমিয়ে দেওয়ার প্রতিবাদে এ দুটি পথের যাত্রীরা আন্দোলন শুরু করেছেন। আন্তনগর ট্রেন কালনী ও উদয়ন থেকে গত কয়েক মাসে মোট ১০টি বগি সরিয়ে নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন কালনীর আরও একটি বগি কমিয়ে দেওয়া হচ্ছে। এতে এই ট্রেনে বগির সংখ্যা চারটিতে দাঁড়াবে। সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১২ সালে ১৩টি বগি নিয়ে কালনী এক্সপ্রেস যাত্রা শুরু করে। কয়েক মাস আগে এর নয়টি বগি কমিয়ে দেওয়া হয়। অন্যদিকে, সিলেট-চট্টগ্রাম পথে চলাচলকারী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের সংরক্ষিত (রিজারভেশন) বগিও কেটে নেওয়া হয়েছে।
যাত্রীদের অভিযোগ, এমনিতেই এই দুটি পথের ট্রেনযাত্রীরা চাহিদামতো টিকিট পান না। অনেকেই বাধ্য হয়ে দাঁড়িয়ে যাওয়ার টিকিট (স্ট্যান্ডিং টিকিট) কেটে চলাচল করেন। তার পরও এ দুটি পথের ট্রেনগুলোর ভালো ভালো বগি অন্য পথে নিয়ে ভাঙাচোরা বগি দেওয়া হচ্ছে। এসব বগির বেশির ভাগ চেয়ারের হাতল ভাঙা। জানালার কাচ নেই। শৌচাগারে পানি থাকে না। এরপর আরও বগি সরিয়ে নেওয়া হলে এ রুটে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।
উদয়ন ট্রেনের যাত্রী শৈলেন রায় বলেন, ‘ট্রেনে চলার মতো অবস্থা নেই। দাঁড়ানো যাত্রী অসংখ্য। ভিড়, ময়লা-আবর্জনা, হইচই লেগেই থাকে।’
এদিকে এ দুটি পথে ট্রেনের বিভিন্ন সমস্যার সমাধান ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গত ১৮ নভেম্বর শ্রীমঙ্গলের বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) নামের একটি সংগঠন রেল সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে। রেলমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী, স্থানীয় সাংসদ, রেলওয়ের মহাপরিচালক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়েও এর অনুলিপি পাঠানো হয়। এতে সাতটি দাবি রাখা হয়েছে। এগুলো হচ্ছে: এ দুটি পথে উন্নতমানের সেবা চালু, সব পুরোনো বগি ও ইঞ্জিন পরিবর্তন, আসনসংখ্যা বৃদ্ধি, টিকিট কালোবাজারি রোধ, যৌন হয়রানি প্রতিরোধ, প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা এবং শৌচাগার ব্যবস্থার উন্নয়ন। দাবি আদায়ে স্মারকলিপিতে বিসিআরএস আজ সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছে।
বিসিআরএস শ্রীমঙ্গল শাখার সাংগঠনিক সম্পাদক আফসার আহমদ ছবদর গত শুক্রবার বলেন, ‘সিলেট অঞ্চলে ট্রেনের অবস্থা নাজুক। এমনিতেই আসন কম। এর মধ্যে অনেক বগি সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এর আগে স্মারকলিপি দিয়েছি। এখন মানববন্ধন করব। দাবি পূরণে আন্দোলন চলবে।’
কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মির্জা শামছুল আলম ১০ ডিসেম্বর থেকে কালনী এক্সপ্রেসের আরও একটি বগি কমানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছ বর্ণ’ নামের বগিটিতেই কুলাউড়ার জন্য ৩০টি আসন বরাদ্দ ছিল। এটি বন্ধ করা হচ্ছে। নতুন নির্দেশ না আসা পর্যন্ত কী হবে বলা যাচ্ছে না। এ ছাড়া উদয়ন এক্সপ্রেসের রিজারভেশন বগিটিও সরিয়ে নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বগি কমানোর ফলে সিলেট, মাইজগাঁও, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জসহ রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের বিভিন্ন স্টেশনে একই রকম আসন সংকট হবে। সরকারবিরোধী হরতাল-অবরোধের সময় ট্রেনে অগ্নিসংযোগের কারণে এই সংকট প্রকট হয়েছে।