বগুড়ার সোনাতলা উপজেলায় গত শনিবারের সংঘর্ষে আহত যুবলীগ কর্মী লিটন মিয়া (৩০) গতকাল রোববার ভোরে মারা গেছেন। উপজেলার দিগদাইর ইউনিয়নে গত বৃহস্পতিবার নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ছাড়া কুমিল্লায় সংঘর্ষে আহত একজন গতকাল মারা গেছেন ঢাকায়।
বগুড়ায় নিহত লিটন মিয়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং বিজয়ী ইউপি সদস্য আবদুস সামাদের সমর্থক।
স্থানীয় লোকজন জানান, পারবাইশা বিলের জমির দখল নিয়ে দিগদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী আবদুস সামাদ ও পরাজিত প্রার্থী সেলিম হোসেনের নেতৃত্বে ব্যাপারী ও মিয়া পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর আবদুস সামাদের সমর্থকেরা পারবাইশা বিলে সেলিম হোসেনের সমর্থকদের রোপণ করা বোরো ধান শনিবার কাটতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ২০ জন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা মোকতাল হোসেন খোকন (৫১) গতকাল রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
নিহত ব্যক্তির স্বজন খলিল মিয়া বলেন, গত ৩১ মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিরাহিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন আরও কয়েকজন সহযোগী নিয়ে মোকতালের মাথায় ও শরীরে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
গত শনিবার এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে পাশের গ্রাম বিরাহিমপুরের জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, ভোটকেন্দ্র থেকে ফেরার পথে মোকতালের ওপর হামলা হয়। পরে তিনি ঢাকায় মারা যান।