বগুড়া ও রংপুরে দুই শিক্ষার্থীকে হত্যা!
বগুড়ার শহরতলি এলাকায় রিফা তাসফিয়া ওরফে তুবা (১৮) নামের এক ছাত্রী এবং রংপুর নগরে সুবায়ের জাহান ওরফে মুকিত (২৮) নামের এক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে শহরতলির ছাতিয়ানতলা এলাকায় রেললাইনের পাশ থেকে রিফার লাশ উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় রংপুর নগরের ভবানীগঞ্জ এলাকার ঘাঘট নদ থেকে ভাসমান অবস্থায় সুবায়েরের লাশ উদ্ধার করা হয়।
রিফা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। সুবায়ের ছিলেন রংপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও রিফার পরিবার জানায়, রিফা পরিবারের সঙ্গে বগুড়া শহরের সবুজবাগ এলাকায় থাকতেন। চলতি বছর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে কলেজে ভর্তি হন তিনি। গত রোববার দুপুরে শহরের নাটাইপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে রিফা বাসা থেকে বের হন। কিন্তু আর ফেরেননি। ওই বান্ধবীর বাসায় খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও রিফা যাননি। পরে রাতে পুলিশ রিফার লাশ উদ্ধারের কথা জানায়। গতকাল সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
আবদুর রউফ বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন বুঝতে পারছি না।’
বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ বলেন, দুর্বৃত্তরা মেয়েটিকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে রংপুরের সুবায়েরের লাশের ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সুবায়েরের বড় ভাই সাখাওয়াত-ই জাহান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে পরিবারের কাছ থেকে কোনো ধারণা পাওয়া যায়নি।
সুবায়েরের পরিবার জানায়, রংপুর নগরের সাগরপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন সুবায়ের। পাশাপাশি ইন্টারনেটে আউট সোর্সিংয়ের কাজ করতেন। সম্প্রতি তিনি বিয়ে করেন। তবে দুই পরিবারের কেউ তা মেনে নেয়নি। গত শুক্রবার ঈদের দিন বিকেল পাঁচটার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। রোববার ঘাঘট নদে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, সুবায়েরের গলা অনেক ফোলা ছিল। দুই হাতের আঙুল ও হাতের তালুর চামড়া ওঠানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।