বগুড়া শহর যুবদলের সভাপতি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার
বগুড়া শহর যুবদলের সভাপতি ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানাকে শহরতলির ছোট কমিড়া এলাকা থেকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টাকালে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশের পাল্টা গুলিতে আহত হন যুবদল নেতা।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, জনপ্রতিনিধি পরিচয়ের আড়ালে মাসুদ একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রলবোমায় মানুষ হত্যাসহ ৩৬টি মামলা রয়েছে। এসব মামলার ১৩টিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। ২০১৩ সালের ২৯ নভেম্বর বিপুল পরিমাণ ককটেলসহ তিনি একবার গ্রেপ্তার হন। ১০ মাস হাজতবাসের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন তিনি। এ অবস্থা থেকেই নাশকতা চালিয়ে যাচ্ছিলেন মাসুদ। গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ছোট কমিড়া এলাকায় মাসুদের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে দুটি গুলিভর্তি পাইপগান ও ২২টি ককটেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। আত্মরক্ষার্থে পুলিশ শটগানের গুলি ছুড়লে তা মাসুদের পায়ে লাগে। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম সিদ্দিকী বলেন, যুবদল নেতা মাসুদের বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি এবং পুলিশের কাজে বাধাদানের আরেকটি মামলা হয়েছে।