বগুড়ায় অপহৃত কলেজ কর্মচারীকে গোবিন্দগঞ্জে উদ্ধার
বগুড়ায় অপহৃত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজ কর্মচারী রকিব উদ্দিনকে (৩০) গত বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদগুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর গ্রামের মাসুদ রানা (২৬) ও মজনু মিয়া (২৩)। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র জানায়, রকিব উদ্দিন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানজপাড়া গ্রামের আফছার আলীর ছেলে এবং উপজেলার পিয়োতপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। ব্যক্তিগত কাজে তিনি গত মঙ্গলবার বগুড়া যান। অপহরণকারীরা ওই দিন বিকেলে রকিব উদ্দিনকে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে অপহরণ করে। তারা রকিব উদ্দিনের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এ ব্যাপারে রকিব উদ্দিনের এক আত্মীয় আক্কেলপুর থানায় বুধবার সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু অপহরণকারীরা রকিব উদ্দিনের কাছে আরও তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় রকিব উদ্দিনকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে রকিব উদ্দিনের ভাগিনা হাকিমুজ্জামান র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে র্যা ব সদস্যরা উদ্ধার অভিযান চালান। তাঁরা বুধবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারের দাড়িদহ রোড থেকে রকিব উদ্দিনকে উদ্ধার এবং ওই দুই তরুণকে আটক করেন।