বগুড়ায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, কৃষক নিহত
বগুড়ায় একটি বালুমহালের বিরোধ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মোয়াজ্জেম হোসেন (৫৫) নামের এক কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন মোয়াজ্জেম হোসেন (৪০) ও নূরুল ইসলাম নামের আরও দুজন। গত বৃহস্পতিবার রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি-আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক পক্ষের নেতা ও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা এবং মোয়াজ্জেম হোসেন, নূরুল ইসলাম, রনি মিয়া, মোস্তাফিজার রহমান, পলাশ হোসেন, রিপন মিয়াসহ আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কামরুল হুদাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত মোয়াজ্জেমের ছেলে ফারুক হোসেন।
পুলিশ সূত্র ও সরেজমিন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার নূরুলের বিলের বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে অবৈধভাবে বালু তুলতেন ছাত্রলীগ নেতা কামরুল হুদার ছোট ভাই নাজমুল হাসান ওরফে শামীম। কিন্তু বালু তোলা নিয়ে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের সঙ্গে তাঁর বিরোধ বাধে। দুই বছর আগে আবু সুফিয়ানের সমর্থক ও চালিতাবাড়ি গ্রামের লোকজন বিল থেকে অবৈধ বালু তোলা বন্ধ করে দেন। সেই থেকে চালিতাবাড়ি গ্রামের লোকজনের সঙ্গে ছাত্রলীগ নেতা কামরুল হুদা এবং তাঁর ছোট ভাইয়ের সমর্থকদের বিরোধ তুঙ্গে।
গতকাল শুক্রবার দুপুরে চালিতাবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, মর্গ থেকে মোয়াজ্জেম হোসেনের লাশ এনে রাখা হয়েছে তাঁর বাড়ির উঠানে। জুমার নামাজ শেষে মসজিদের মাইক থেকে আহ্বান জানানো হচ্ছে জানাজায় শরিক হওয়ার জন্য। আগের রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেউ মুখ খুলছেন না।
নিহত মোয়াজ্জেমের ছেলে পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান তাঁর বাবাকে নির্মমভাবে হত্যার দৃশ্যের বর্ণনা দিচ্ছিল। সে বলে, ‘২৫ থেকে ৩০ জন যুবক। সবার হাতে অস্ত্র। সন্ধ্যাবেলা বাজারে হামলা করে। বাবা ওষুধ কিনতে গিয়েছিলেন। তাঁকে একা পেয়ে গুলি করে ও কুপিয়ে হত্যার পর কলার পাতা দিয়ে লাশ ঢেকে রেখে চলে যায়।’
বেলা দেড়টার দিকে আনন্দবাজারে গিয়ে দেখা যায়, গ্রামের ছোট্ট বাজার। আট থেকে দশটি দোকান। আগের রাতের হত্যাকাণ্ডের পর তখনো আতঙ্ক কাটেনি সেখানে। দোকানপাট বন্ধ। বাজারে দেখা মিলল কয়েকজনের। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। নাম প্রকাশ না করার শর্তে দুজন জানালেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে নূরুলের বিল এলাকায় জমির ফসল দেখতে আসেন মীরপুর গ্রামের এক কৃষক। এ সময় বাজারে গুজব ছড়িয়ে পড়ে কামরুল হুদার লোকজন আবারও বালু তুলতে এসেছে। এরপর চালিতাবাড়ির লোকজন ওই কৃষককে ধাওয়া করে। এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামরুল হুদার ভাই নাজমুল হাসানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন বাজারে হামলা করে। এ সময় হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আবু সুফিয়ানের পক্ষের লোকজন। গ্রামবাসী জানান, সংঘর্ষের সময় ১৮ থেকে ২০টি গুলি ছোড়া হয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়। একপর্যায়ে বাজার থেকে অনেকটা দূরে মসজিদের পাশে মোয়াজ্জেমকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, কামরুলের ভাই নাজমুলের নেতৃত্বে অস্ত্রধারীরা তাঁর লোকজনের ওপর হামলা চালায়। তারাই মোয়াজ্জেম গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ হেফাজতে কামরুল প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি জেলা শহরে ছিলেন। খবর পেয়ে গ্রামে যাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার। কাজেই তাঁর ভাই বা তাঁদের লোকজন সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন কি না, তিনি তা জানেন না।
এ বিষয়ে জানতে কামরুলের ভাই নাজমুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।