বগুড়ায় ইউএনওর কার্যালয়ে ক্ষমতাসীনদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ভাঙচুর করা মালামাল গতকাল থানায় নিয়ে আসেন আর্মড পুলিশের সদস্যরা l প্রথম আলো
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ভাঙচুর করা মালামাল গতকাল থানায় নিয়ে আসেন আর্মড পুলিশের সদস্যরা l প্রথম আলো

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গতকাল রোববার বিকেলে হামলা-ভাঙচুর করা হয়েছে এবং ইউএনও শাহানা আখতার জাহানকে লাঞ্ছিত করার চেষ্টা হয়েছে।
শাহানা আখতার জাহানের ভাষ্যমতে, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিকেল চারটার দিকে তাঁর কার্যালয়ে ঢোকেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের সভাপতি আবু সুফিয়ান। এ সময় সঙ্গে থাকা নেতা-কর্মীরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামকে বের হয়ে যেতে বলেন। প্রতিবাদ করলে দলীয় নেতা-কর্মীরা তাঁকে (ইউএনও) অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় কয়েকজন কার্যালয়ে হামলা চালিয়ে অতিথিদের বসার জন্য রাখা সোফাসেটের টেবিল-চেয়ার ও কাচ ভাঙচুর করেন। হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্যত হয়ে চেয়ার ধরে টানাটানি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার নামে বরাদ্দ দেওয়া কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ছয় মেট্রিক টন খাদ্যশস্যের সরবরাহ আদেশে (ডিও) স্বাক্ষর করতে দেরি হওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।
ইউএনওর কার্যালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আবু সুফিয়ান। তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতার কাবিখা প্রকল্পের ডিওর ব্যাপারে তিনি কথা বলতে গেলে ইউএনও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে টেবিলে থাকা ফাইল ছুড়ে মারলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
প্রত্যক্ষদর্শী উপজেলা পরিষদের সাতজন কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আবদুল মান্নান চলতি অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয় থেকে আট মেট্রিক টন চাল বরাদ্দ নেন। এই বরাদ্দে রাজাপুর মঙ্গলধরন বারেকেরবাড়ির দোকান থেকে ঈদগা মাঠ হয়ে দ্বিতীয় বাইপাস পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ করার কথা।
উপজেলা পরিষদের একজন কর্মকর্তা বলেন, আবদুল মান্নান প্রথম কিস্তির দুই মেট্রিক টন চালের বরাদ্দ তুলে কাজ না করে বিক্রি করে দেন। বাকি ছয় মেট্রিক টন চালের ডিও যাতে কাজ না করে কেউ তুলতে না পারে, এ জন্য রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম উপজেলা পরিষদে মৌখিক অভিযোগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার আবদুল মান্নানকে সঠিকভাবে কাজ করতে বলেন। এতে নাখোশ হয়ে আবদুল মান্নান বিষয়টি আবু সুফিয়ানকে জানান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আবু সুফিয়ান গতকাল বিকেলে আবদুল মান্নানকে নিয়ে পিআইও নায়েব আলীর কার্যালয়ে গিয়ে ছয় মেট্রিক টন চালেরও ডিও আদেশের ফাইলপত্রে স্বাক্ষর নেন। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য ইউএনওর কার্যালয়ে ফাইল নিয়ে আসেন। কিন্তু ইউএনও এ সময় দাপ্তরিক কাজে বাইরে থাকায় আবু সুফিয়ান মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলে দেখা করতে চান। দুপুরের পর কার্যালয়ে ফিরেই ইউএনও সভায় ব্যস্ত হয়ে পড়েন। এতে ক্ষিপ্ত হন আবু সুফিয়ান।
কাজ না করেই বরাদ্দের চাল বিক্রি করে দেওয়ার বিষয়ে আবদুল মান্নান বলেন, দুই মেট্রিক টন চাল দিয়ে মাটিকাটার কাজ করা হয়েছে। অবশিষ্ট ছয় মেট্রিক টন চাল দিয়ে কুটুরবাড়ি মঙ্গলধরন মসজিদে সৌর প্যানেল স্থাপন করার কথা ছিল। কিন্তু উপজেলা চেয়ারম্যান তাঁর কার্যালয়ে ডেকে ডিওর কাগজপত্রে স্বাক্ষর চান। না দেওয়ায় তিনি ডিও আটকে দেন।
তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, রাজাপুর ইউপির সিদ্ধান্ত অনুযায়ী আট মেট্রিক টন চালের বিনিময়ে রাস্তায় মাটি কাটার কথা ছিল। কিন্তু আবদুল মান্নান তা না করে মসজিদে সৌর প্যানেল স্থাপনের কথা বলছিলেন। এ জন্য পরিষদের অন্য সদস্যের সঙ্গে বসে তাঁকে সমঝোতায় আসতে বলা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে ইউএনওর কার্যালয়ে রোববারের ঘটনার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী বলেন, ইউএনও রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।