বগুড়ায় উপজেলা চেয়ারম্যানসহ আটক ৬১
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইনকে আটক করেছে যৌথ বাহিনী। এ ছাড়া আজ বৃহস্পতিবার যৌথ বাহিনী বগুড়ায় ৬০ জনকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া শহরের মালগ্রামের বাসা থেকে যৌথ বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশ নেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাতে শহরের স্টেশন সড়কে চালবোঝাই একটি ট্রাক পোড়ানোর মামলায় জামায়াতের নেতা আলমগীর হোসাইনকে আটক করা হয়েছে। তিনি ছাড়াও এ মামলায় সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, জেলা যুবদলের সভাপতি ও পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপার আল বখতিয়ারসহ ২০-দলীয় জোটের ১০৩ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া আজ বৃহস্পতিবার বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাঁদের বেশির ভাগকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ।
এদিকে আজ সন্ধ্যায় বগুড়া-জয়পুরহাট (পুরাতন দিনাজপুর সড়ক) মহাসড়কের নুনগোলা এলাকায় ফার্নিচারবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন ট্রাকচালক টিটন মিয়া এবং তাঁর সহকারী তাজুল মিয়া ও আব্দুর রহিম। তাঁদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।