বগুড়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কাশেম (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাত নয়টার দিকে নন্দকুল এলাকায় দৃর্বৃত্তরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।
আবুল কাশেম বগুড়া প্যারামেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি নন্দকুল গ্রামের ঠান্ডু তালুকদারের ছেলে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আবুল কাশেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানা পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে ছাত্র পড়িয়ে বাইসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন আবুল কাশেম। পথে নন্দকুল এলাকার হাসান জুট মিলের পাশে ফাঁকা স্থানে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান।
তবে কী কারণে দুর্বৃত্তরা কলেজছাত্র আবুল কাশেমকে হত্যা করেছে রাত সাড়ে দশটা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কোনো কারণে অথবা অন্য কোন কারণে পুর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় আশেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী সিকদার জানান, আবুল কাশেমের স্বজনেরা তাঁকে জানিয়েছেন, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশির সঙ্গে তাঁদের আদালতে মামলা চলছে। এর জের ধরেই কাশেমকে প্রতিপক্ষের লোকজনপরিকল্পিতভাবে খুন করে থাকতে পারে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, এখন পর্যন্ত এই হত্যার কারণ সর্ম্পকে পুলিশ নিশ্চিত হতে পারেনি। রাত সাড়ে ১০টা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।