বগুড়ায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
বগুড়া শহরের সাতমাথা-সংলগ্ন আলতাফুন্নেছা খেলার মাঠে ফুটবলের অনুশীলন করতে এসে সোনা মিয়া (২৩) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল বুধবার সকালে সাতমাথা-শেরপুর সড়ক থেকে প্রায় ২০০ গজ দূরে সাতানীবাড়ির পেছনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সোনা মিয়া বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) শেষবর্ষের ছাত্র ও গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকালে খেলার মাঠে অনুশীলন হয়। বুধবার ভোর থেকে ঘন কুয়াশার মধ্যে রাস্তাঘাট ফাঁকা ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে খেলার মাঠের পশ্চিম পাশের সড়কে চিৎকারের শব্দ শোনা যায়। মাঠে খেলতে আসা মহল্লার ছেলেদের ঝগড়া ভেবে কেউ বিষয়টাকে গুরুত্ব দেননি। পরে সকাল আটটার দিকে সেখানে অনুশীলনের সরঞ্জামসহ একজনের লাশ পড়ে থাকতে দেখে বগুড়া সদর থানায় খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পরপরই সেখানে গিয়ে দেখা গেছে, শেরপুর সড়ক থেকে ২০০ গজ দূরে সাতানীবাড়ি-সংলগ্ন আলতাফুন্নেছা খেলার মাঠের প্রবেশপথের পাশে সোনা মিয়ার লাশ ঘিরে লোকজনের জটলা। লাশের পাশে জমাটবাঁধা তাজা রক্ত। পাশেই একটি বাইসাইকেল পড়ে আছে।
বগুড়া শহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, তাঁর কণ্ঠনালীতে ছুরিকাঘাত করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, খুনি শনাক্ত হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম পুলিশ গোপন রেখেছে।