বগুড়ায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়ায় আজ বুধবার রাতে দুটি ট্রাকে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বগুড়া শহরতলির এরুলিয়া এলাকা ও মফিজ পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সারবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য রক্ষা পান চালক ও তাঁর সহকারী।
প্রায় একই সময়ে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় সাতমাথা-শেরপুর সড়কে বাংলাদেশ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) খাদ্যপণ্যবাহী একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জ্বল কুমার দাবি করেন, এরুলিয়া এলাকায় সারবোঝাই ট্রাকে অবরোধকারীরা ককটেল হামলা চালালে তাতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ দিকে বগুড়ায় অবরোধের পাশাপাশি আজ হরতাল থাকলেও সারা দিনে মহাসড়কে যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক। শহরে অটোরিকশা-সিএনজি অটোরিকশার চাপে দিনভর লেগে ছিল যানজট। দোকানপাট-অফিস আদালত খোলা ছিল। তবে সন্ধ্যার পর শহর ও মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।