বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজশিক্ষক খুন
বগুড়া সদর উপজেলার হাজরাদিঘি স্কুল অ্যান্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আজিজুল ইসলামকে (৪৫) আজ মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বেলা ১১টার দিকে সদর উপজেলার কাহালু-নামুজা সড়কের আটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজিজুল ইসলামের বাড়ি কাহালু উপজেলায়।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হকের ভাষ্য, আজিজুল ইসলাম আজ সকালে কাহালু উপজেলার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। তিনি আটবাড়িয়ায় পৌঁছালে একটি প্রাইভেট কারে এসে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।